অধ্যাদেশ জারি করে ধর্মান্তরকরণ বিরোধী বিল কার্যকর করল কর্ণাটক সরকার

আমাদের ভারত, ১২ মে: সাম্প্রতিক সময়ে ধর্মান্তকরণ জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। একাধিক রাজ্যে জোর করে ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের একের পর এক ঘটনা সামনে এসেছে। ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এবার কর্ণাটকের বিজেপি সরকার অর্ডিন্যান্স জারি করে প্রটেকশন অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্ডিন্যান্স বা ধর্মান্তকরণ বিরোধী বিল পাস করেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিলটি অনুমোদিত হয়েছে।

এই সময় কর্ণাটকের বিধানসভা ও বিধান পরিষদ স্থগিত রয়েছে। ফলে আইন বলবৎ করতে এই সিদ্ধান্তের পথেই হেঁটেছে রাজ্যের বিজেপি সরকার। বলপূর্বক, ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ রোধ করতে এই বিল পাস করা হয়েছে। মুখ্যমন্ত্রী বোম্মাই আগেই জানিয়েছিলেন বিধানসভা ও বিধান পরিষদ স্থগিত থাকার কারণে আমরা মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্স এই বিলটি পাস করবো। প্রাথমিকভাবে ২০২১ সালের ২৩ ডিসেম্বর কর্ণাটক বিধানসভায় বিলটি পাশ হয়েছিল। তবে বিধান পরিষদে বিজেপির কাছে পর্যাপ্ত সংখ্যা না থাকায় বিলটিকে আইনে পরিণত করতে সমস্যা হচ্ছিল। জানা গেছে, ডিসেম্বরের পর পরিস্থিতি এখন পাল্টেছে। এখন বিধান পরিষদে বিজেপির কাছে পর্যাপ্ত সংখ্যা রয়েছে। এই কারণে অর্ডিন্যান্স পাস করার সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার।‌ কর্ণাটকের এই আইন অনুযায়ী, গণ ধর্মান্তকরণের সঙ্গে যুক্তদের ৩-১০ বছরের জেল বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যেই বলপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন এনেছে। এবার সেই পথে এগোলো কর্ণাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *