অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ অক্টোবর: জঙ্গলের যে হাতিগুলি তান্ডব চালায় বা যে হাতিদের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই আক্রমনাত্মক হাতি ধরতে ঝাড়গ্রামের জোয়ালভাঙার জঙ্গলে নিয়ে আসা হলো কুনকি হাতি ও সাথে ট্রাঙ্কুইলাইজার বিশেষ টিম। সেই হাতিগুলিকে ধরার জন্য উত্তরবঙ্গ থেকে দুটি কুনকি হাতি শম্ভু ও মিনাক্ষী’কে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বন দফতরের সিসিএফ এপি সিং, পিসিসিএফ রাজেশ কুমার, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও খড়গপুরের ডিএফও ও উচ্চ পদস্থ আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ওই দুটি কুনকি হাতি’কে নিয়ে যাওয়া হয় জোয়ালভাঙ্গা এলাকায়। হাতির দলের মধ্যে যে হাতিগুলি আক্রমণ করছে সেই হাতি গুলিকে চিহ্নিত করে ধরা হবে। হাতিগুলিকে ধরার পর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।
কিভাবে দুটি কুনকি হাতি ওই হাতির দলে থাকা উন্মত্ত হাতি গুলিকে চিহ্নিত করবে তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন জোয়ালভাঙ্গা এলাকায়। মোট চারটি হাতির দল ওই এলাকায় রয়েছে বলে বন দফতর সূত্রে জানা যায়।

