সোমবার থেকে কলকাতায় বন্ধ কো-ভ্যাক্সিনের প্রথম ডোজ, জানাল পুরসভা

রাজেন রায়, কলকাতা, ৩০ অক্টোবর: এত দিন পর্যন্ত স্বাভাবিক ভাবেই কো-ভাক্সিন ও কোভিশিল্ডের ডোজ পাচ্ছিলেন কলকাতার মানুষজন। কিন্তু এবার স্বাস্থ্য দফতরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কো-ভ্যাকসিন। ১ অক্টোবর থেকে কেবলমাত্র যাঁরা কো-ভ্যাক্সিনের প্রথম ডোজ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন, তাঁদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। শনিবার পুরসভায় দাঁড়িয়ে একথা জানিয়ে দিলেন পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ।

কলকাতা পুরসভা সূত্রে খবর, কো-ভ্যাক্সিনের ডোজ কম আসছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর থেকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন চালু হতে পারে। সরকারি বিজ্ঞপ্তি জারি না হলেও এমন কথা শোনা গিয়েছে। এখন থেকে যাঁরা প্রথম ডোজ় পেয়ে গিয়েছেন, কেবল তাঁদেরই কো-ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেবে পুরসভা। তবে কোভিশিল্ডের টিকাকরণ আগের মতোই চলতে থাকবে।

নির্দেশ অনুযায়ী কলকাতা পৌরসভার অন্তর্গত ৩৭টি টিকাকেন্দ্র থেকে কো-ভ্যাক্সিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল পুর প্রশাসন। শুধুমাত্র কো-ভ্যাকসিনের বকেয়া ৫০ হাজার দ্বিতীয় ডোজের প্রাপককে ওই ৩৭টি সেন্টার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে কোভিশিল্ড ১০২ টি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং ৫ টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে, যেমনটা এতদিন হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *