আমাদের ভারত, শিলিগুড়ি: অলিম্পিকের ইতিহাসে এই প্রথম অ্যাথেলেটিক্সে পদক জিতল ভারত। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে এনে দিলো এবছর অলিম্পিকের একমাত্র সোনা। আর তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন গোটা দেশবাসী। একইভাবে শিলিগুড়িতেও তুমুল উচ্ছ্বাস দেখা যায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
করোনার বিধিনিষেধ থাকায় অনেকেই রাস্তায় নেমে মিছিল করতে পারেনি। কিন্তু সোস্যাল মিডিয়ায় পোস্ট করেই শুভেচ্ছা জানিয়েছেন ২৩বছরের নীরজকে। যিনি ইতিমধ্যেই কিংবদন্তী হয়ে উঠেছেন সকলের নজরে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ির বেশ কিছু ক্রীড়প্রেমী মানুষ জ্যাভলিন সহ নীরজের ছবি নিয়ে আনন্দ প্রকাশ করেন। এমনকি নীরজের ছবিতে মিষ্টিও খাইয়ে দেন।

শিলিগুড়ির শেঠ শ্রীলাল ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকেও নীরজকে শুভেচ্ছা জানানো হয়। তারা জাতীয় পতাকা লাগিয়ে কেক কেটে আনন্দে মেতে উঠে। তারাও নীরজের ছবিতে কেক খাইয়ে দেন। জাতীয় সঙ্গীত গেয়ে নীরজকে ধন্যবাদ জানান তার সাফল্যের জন্য। সমিতির সভাপতি খোকন ভট্টাচার্য বলেন, “করোনায় আমরা বিধ্বস্ত। নীরজের এই সোনা আবার আমাদের চাঙ্গা করে দিলো। এই একটা সোনা আমাদের ক্রিকেট-ফুটবল ভুলিয়ে দিলো। আগামীতে ও আরও সফল হোক এই কামনা করি। আর আজ ওর জন্যই গোটা দেশ গর্বিত। ওর জন্যই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেলো”।

