স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ অক্টোবর: মদ্যপ অবস্থায় বাইক নিয়ে পুজো মন্ডপের মধ্যে ঢুকে যাওয়ার প্রতিবাদ করায় পুজো কমিটির সম্পাদক সহ অন্যান্য সদস্যদের মারধর করার অভিযোগ উঠলো একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অনুশীলনী ক্লাবের পুজো প্রাঙ্গণে। আগ্নেয়াস্ত্রের আঘাতে মাথায় চোট পান ক্লাবের পুজো কমিটির সম্পাদক সুজন পাল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্লাবসূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কিছু দুষ্কৃতী বাইক নিয়ে পুজো মন্ডপে ঢুকে যায়। তাদের বাধা দিতে গেলে পুজো কমিটির সদস্যদের ওপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। প্রথমে এক দফা গন্ডগোল করে দুষ্কৃতীরা চলে গেলেও, কিছুক্ষণ পর আবার ৮-১০ জন দুষ্কৃতী বাইকে করে আচমকাই এসে পুজো কমিটির সম্পাদক সুজন পাল সহ অন্যান্য সদস্যদের বেধড়ক মারধর করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

