চন্দ্রকোনায় বজ্রাঘাতে মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন জেলাশাসক

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুন:
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের জল সম্পদ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইঞা। সঙ্গে ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তরা সিং হাজরা এবং চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা।

মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মানস ভুঁইঞা। মানস বাবু এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে এতগুলি মানুষের প্রাণহানি হল। সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই ঠিকই কিন্তু আমরা সব রকম সহায়তার আশ্বাস নিয়ে মৃতদের পরিবারের পাশে থাকব। রাজ্য সরকার দুই লাখ টাকা দিয়েছেন মৃতদের পরিবারকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন। তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। এই ঘটনার প্রভাব যাতে তাদের পরিবারের জীবনের ওপরে না পড়ে তার জন্য আশ্বস্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এখানে এসেছেন বলে কাকলি ঘোষ দস্তিদার বলেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে চন্দ্রকোনা ব্লকের জাড়া পূর্ব পাড়ার অরুণ মন্ডল এবং হীরাধরপুর গ্রামের অর্চনা রায় বজ্রাঘাতে প্রাণ হারান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারের বজ্রাঘাতে রাজ্যে মৃতদের পরিবারের সাথে দেখা করার কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচিতেই ৯ জুন চন্দ্রকোনা ব্লকে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সাথে দেখা করলেন, রাজ্য সরকারের তরফে মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা ও প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *