সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ১৮ নভেম্বর: মুখ্যমন্ত্রীর নির্দেশে হাবড়া হাসপাতাল পরিদর্শন করল প্রশাসন। উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতাল চত্বরে অবৈধ দালাল চক্র আর অবৈধ্য বসবাস থাকার অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একাধিকবার পরিদর্শন করেছেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক হয় মধ্যমগ্রামে। সেখানেই
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা হাবড়ার বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাবড়া হাসপাতালের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত তড়িঘড়ি জেলা প্রশাসন হাবড়া হাসপাতাল পরিদর্শনে আসেন।
বুধবারের সভাতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেয় অবৈধভাবে হাসপাতাল চত্বরে থাকা যাবে না। দাদাল চক্র দূর করতে হবে। প্রশাসনকে অতি দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। আর তার ২৪ ঘন্টার মধ্যেই হাবড়া হাসপাতালে হাজির জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, হাবড়ার বিএল আরও, এসডিপিও, এছাড়া হাবড়া পৌরসভার প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা, হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস। এদিন তারা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং যে সমস্ত জায়গায় অবৈধ বসবাসকারীরা আছেন তাদের কিভাবে এখান থেকে তোলা যায় তার পরিকল্পনা করেন।

সাংবাদিকদের জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি জানান, তাদের পরিকল্পনা রয়েছে যে সমস্ত জায়গায় অবৈধ বসবাসকারী রয়েছে তাদের নোটিশ দিয়ে অতি দ্রুততার সঙ্গে এখান থেকে তাদের সরানোর ব্যবস্থা করা হবে।
এই প্রসঙ্গে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে তারা জানায় তাদের কাছে বৈধ নথিপত্র আছে তা সত্ত্বেও সরকার আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা করছে। হাসপাতাল চত্বরে থাকা স্থানীয় এক গ্যারেজ মালিক বলেন, “এই বয়সে যদি গ্যারেজটাও চলে যায় তাহলে তো ভিক্ষা করে খেতে হবে”।

