নকশালবাড়ির অটল চা বাগান এলাকায় ভোররাতে রাস্তার উপরেই শিশু প্রসব হাতির, সুস্থ মা ও শাবক

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৮ নভেম্বর: রাস্তার উপরেই শিশু প্রসব করল হাতি। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের মহাসিংজোতের অটল চা বাগান এলাকায়।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে টুরুরিয়াঝার জঙ্গল থেকে একটি গর্ভবতী হাতি চা বাগান পার করে বাগডোগরা জঙ্গলে যাচ্ছিল। সেইসময় অটল চা বাগানের মূল রাস্তার উপরই বাচ্চা প্রসব করে হাতিটি। ভোর বেলায় বিষয়টি চা বাগান শ্রমিকদের নজরে আসতেই তারা খবর দেয় বন দপ্তরে। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বনাধিকারিক ও কর্মীরা৷ সাধারণ মানুষ, গ্রামবাসী এবং কোনও জন্তু যাতে হাতিটিকে বিরক্ত না করে সেজন্য বন কর্মীরা পৌঁছেই গোটা এলাকা ঘিরে নেয় এবং মাইকিং শুরু করে। দীর্ঘক্ষণ নজরদারির পর হাতির বাচ্চাটি এবং হাতিটি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে বন কর্মীরা হাতিটিকে বাগডোগরা জঙ্গলে পাঠিয়ে দেয়।

বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ বলেন, “শাবকটি সুস্থ রয়েছে। আমরা শিশু সমেত হাতিটিকে জঙ্গলে নিরাপদে পাঠিয়ে দিয়েছি। বন কর্মীরা দুজনের উপরই নজর রাখছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *