সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: ফের প্রশাসনের গাফিলতির চিত্র উঠে এল গাইঘাটায়। দীর্ঘ ১০ ঘন্টা ধরে বাড়ির সামনেই পড়ে রইল করোনা আক্রান্তের দেহ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। পচন ধরে দেহতে। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বেতপুল গ্রামে। মৃত ব্যক্তির নাম অনাদি বক্সি(৫২)।
পরিবার সূত্রের খবর, দীর্ঘ ১৩ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে
ভুগছিলেন অনাদিবাবু। ডাক্তার দেখানোর পর গত
এক সপ্তাহ আগে করোনা
পজিটিভ রিপোর্ট আসে তাঁর। চিকিৎসকদের পরামর্শে বাড়িতে চিকিৎসা চলছিল। করোনা আক্রান্তের
পাশাপাশি অনাদিবাবুর শরীরে আরও বেশ কিছু
রোগের সমস্যা ছিল। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ অবস্থার অবনতি হলে বাড়ির লোকজন
অনাদিবাবুকে বাউগাছি হাসপাতালে নিয়ে যায়।ভ্যানে করে নিয়ে যাওয়ার
সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয় বাউগাছি
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেখে মৃত বলে
ঘোষণা করেন। এমনকি ডেথ সার্টিফিকেট দিয়ে মৃতদেহ
বাড়ি পাঠিয়ে দেয়। আত্মীয়রা পঞ্চায়েত ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।প্রশাসনের সহযোগিতায় দুটো পিপিই কিট পৌঁছে
দেওয়া হয়েছে বাড়িতে। নৈহাটি থেকে অ্যাম্বুলেন্স
এসে মৃতদেহ নিয়ে যাবে বলে জানায় প্রশাসন।

যে ভ্যানে করে হাসপাতালে
নিয়ে যাওয়া হয়েছিল বাড়ির সামনে সেই ভ্যানের উপরেই ১০ ঘন্টা মৃতদেহ পরে থাকে। ভ্যানচালকও
ভয়ে আতঙ্কে ভ্যানে দেহ রেখেই চলে যায়।এরপরই উত্তর বেতপুল গ্রাম এলাকায় ব্যাপক আতঙ্ক
ছড়িয়েছে। বিভিন্ন মানুষের অনুরোধে শেষমেশ বিকেল চারটে নাগাদ দেহ উদ্ধার করে প্রশাসন।

