রাজেন রায়, হুগলী, ৬ এপ্রিল: নিজের কেন্দ্রে ভোটের দিন পরিদর্শনে গিয়ে বিপুল বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে। সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বার বার বিজেপি কর্মীদের বিক্ষোভ। বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ। চাষের খেত দিয়ে কার্যত পালিয়ে বাঁচানোর চেষ্টা করলেন। তখনও পিছন পিছন বিশাল লাঠি হাতে ছুটলেন গ্রামবাসীরা। তাঁর গাড়িও ভাঙ্গচুরেরও চেষ্টা করেন উন্মত্ত গ্রামবাসীরা।

সুজাতার অভিযোগ, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে রীতিমতো নিগ্রহ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুজাতা। তিনি বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছেন।

সুজাতার অভিযোগ, তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, আরামবাগে দীর্ঘদিন ধরে দুষ্কৃতী ঢুকিয়ে রেখেছিল বিজেপি। আমরা বারবার প্রশাসনকে বলেছিলাম। পাল্টা সুজাতার বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ এনেছে বিজেপি। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল প্রার্থীর সঙ্গে আসা লোকজন তাঁদের ওপর চড়াও হয়েছে। অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।


