রাজেন রায়, কলকাতা, ১১ মার্চ: নির্বাচনী আচরণবিধি জারি হয়ে যাওয়ায় গোটা রাজ্যের আইনশৃঙ্খলা দেখাশোনার ভার এখন নির্বাচন কমিশনের। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর রাজ্যের ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, বুধবারের দুর্ঘটনার পর থেকে রাজ্যের ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবারই মেদিনীপুরে যাচ্ছেন কমিশনের দুই পর্যবেক্ষক।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা পর থেকেই রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটিয়েছে কমিশন। প্রথমে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে বদলি করা হয়। সর্বশেষ বদল হিসেবে রাজ্যের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দেয় কমিশন। এই পদক্ষেপের ঠিক ২৪ ঘণ্টার মাথায় আঘাত পান মমতা। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসকদল প্রশ্ন তুলতে শুরু করেছে কমিশনের আওতাধীন প্রশাসনকে নিয়ে।
সূত্রের খবর, ঘটনার পর এদিন সকালেই কয়েক দফায় বৈঠক করে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন যে জেলাগুলিতে তার সব জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। বৈঠকে পুলিশ আধিকারিকের আরও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে আরও উদ্যোগী হতে বলা হয়েছে। আজকের বৈঠকে প্রথম দফার নির্বাচন হতে চলা জেলাগুলির পুলিশ সুপার ও জেলাশাসক ছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও এডিজি আইনশৃঙ্খলা জগমোহন উপস্থিত ছিলেন।

