প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ মে:
ভাটপাড়া পৌরসভার করা একটি আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে নোটিশ লাগালো সিআইডি’র তদন্তকারী কর্তারা। বৃহস্পতিবার রাতে জগদ্দল থানার পুলিশকে সঙ্গে নিয়ে অর্জুন সিংয়ের বাড়ি যান সি আই ডির একদল আধিকারিক। তারা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খোঁজ করেন। কিন্তু তিনি তাঁর বাসভবনে না থাকায় আগামী ২৫ মে তাঁকে সিআইডির দপ্তরে গিয়ে দেখা করার কথা জানিয়ে নোটিশ লাগিয়ে দেন সি আই ডির আধিকারিকরা।
সি আই ডির তরফ থেকে সাংসদ অর্জুন সিংয়ের পাশাপাশি তাঁর ভাইপো সৌরভ সিংয়ের নামেও সি আই ডি অফিসে তলব করার নোটিস লাগিয়ে দেওয়া হয়।
ওই নোটিশে সাংসদ অর্জুন সিং কে একটি আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছে। এর আগেও কয়েকবার এই মামলায় সাংসদকে সি আই ডি ভবনে ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি সেই কারনে এদিন সি আই ডির পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
তার ভাইপো সৌরভ সিং কেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে এই নোটিশে বলা হয়েছে। ২০২০ তে ভাটপাড়া থানায় সাংসদ অর্জুন সিং ও তার ভাইপো সৌরভ সিং র নামে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছিল।
শুক্রবার সাংসদের বাড়িতে সি আই ডি র পাঠানো নোটিশ সম্পর্কে বলতে গিয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন সিং র জামাই ও তার কোম্পানি ভাটপাড়া পৌরসভার থেকে সাড়ে ৪ কোটি টাকা পৌরসভার কাজ করবে বলে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মাত্র ১ কোটি টাকার কাজ করেছে বলে বিল দিলেও সেটা সম্পূর্ণ ভুয়ো বিল, বাস্তবে কোনও কাজই করেনি এরা। তাই ভাটপাড়া পৌরসভা এদের বিরুদ্ধ থানায় লিখিত অভিযোগ করছিল সেই সংক্রান্ত মামলাতে তলব করা হয়েছে সাংসদ অর্জুন সিং ও সৌরভ সিং কে।” তাঁর অভিযোগ, ” অর্জুন সিং পৌর সভায় থাকা কালীন এই টাকা উদ্ধারের কোনও ব্যবস্থা নেননি এমন কি ওনার পর ওনার ভাইপো সৌরভ সিং ও ওই ৩ কোটি টাকা উদ্ধার করার চেষ্টা করেননি। আর সাংসদের ছেলে বিধায়ক পবন সিং ও সৌরভ সিং নিজেও ওই কোম্পানির ডাইরেক্টর ছিলেন। তাই ২০২০ সালে ওই সাড়ে ৩ কটি টাকা পাওয়া যায়নি তাই মামলা করা হয়েছিল ”
তবে বিধায়ক পবন সিং এই নোটিশ সম্পর্কে মুখ খুলতে চাননি।

