নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ ফেব্রুয়ারি:
বিধানসভা ভোটের মুখে গরু পাচারকান্ডে এবার তদন্ত শুরু করতে চলেছে সিআইডি? ভবানীভবনের গোয়েন্দারা কয়েকজন গরু পাচারকারীকে শনাক্ত করেছেন বলে সূত্রের খবর। মুর্শিদাবাদ থেকেই রাজ্যের গোয়েন্দারা এই তদন্ত শুরু করতে চান বলে ভবানীভবন সূত্রের খবর।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের মুখে রাজ্যে গরু পাচার নিয়ে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এক বিএসএফ কর্তা এবং পাচারকারী এনামুল হক গ্রেফতার হয়েছেন। কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশির চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

এবার সিবিআই তদন্তের পাশাপাশি সিআইডি তদন্ত শুরু করছে। ভবানীভবনের গোয়েন্দারা সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মুর্শিদাবাদ ও মালদাতে একটি টিম পাঠাতে চলেছেন। ভবানীভবন সূত্র মারফত আরও খবর, কয়েক দিনের মধ্যে একটি টিম দক্ষিণ দিনাজপুরেও যেতে পারে।
সিবিআই এর হাতে এনামুল হক গ্রেফতার হওয়ার পর গরু পাচার কাণ্ডে তৃণমূল-বিজেপি কাজিয়া বেড়েছে। এখন দেখার সিআইডি এই তদন্তে নামার পর এই কাজিয়া কোথায় শেষ হয়। সিআইডির জালে এবার কাদের নাম উঠে আসে তাও দেখার বিষয়।

