সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ ফেব্রুয়ারি: মতুয়া ভক্তদের আরাধ্য দেবতা হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে রঘুচাঁদ গরুচাঁদ বলে ব্যাক্ষা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সরব রাজ্যের মতুয়া ভক্ত থেকে ঠাকুর পরিবারের লোকজন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।
মালদার সভা থেকে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গায়েন সাংবাদিক সম্মেলন করে জানান, ইচ্ছাকৃত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ধর্ম গুরুদের নাম বিকৃত করে উচ্চারণ করেছেন এবং তাদের ধর্ম গুরুদের অপমান করেছেন। অবিলম্বে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে বলেছেন। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে সমস্ত ব্লক স্তরের মতুয়া মহাসংঘকে প্রতিবাদে নামতে বলেছেন।
সাংসদ শান্তনু ঠাকুর বলেন, ইচ্ছাকৃতভাবে মতুয়াদের আরাধ্য দেবতাকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিলম্বে আমাদের ভক্তের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শান্তনু ঠাকুর।
এ বিষয়ে ঠাকুর বাড়ির অপর সদস্য মমতা ঠাকুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে হয়তো বলতে চাননি। বলার পরে যাদের কাছে সঠিক বলেছেন কিনা জানতে চেয়েছিল তাদের শুধরে দেওয়া উচিত ছিল। একই সঙ্গে তিনি বলেন, তাদের অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বিষয়টি জানাবেন এবং শুধরে নেওয়ার কথা বলবেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য ক্ষোভে ফুঁসছে মতুয়া ভক্তরা।

