রাজেন রায়, কলকাতা, ৬ এপ্রিল: কেন্দ্রীয় বাহিনী ভোটারদের পরিচয় পত্র চেক করছে। কিছুদিন আগেই এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এবার মমতা ফের অভিযোগ করলেন, নির্বাচনী ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিশেষ একটি দলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি বেছে বেছে তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করছে। মঙ্গলবার সকালে এই নিয়েই ট্যুইটে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
The blatant misuse of Central forces continues unabated. Despite us repeatedly raising this issue, @ECISVEEP continues to be a mute spectator while men in uniform are being misused at several places to openly intimidate TMC voters & influence many to vote in favour of one party. pic.twitter.com/l6t28mxwBO
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2021
তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজ্যের বহু জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও তাঁরা চূড়ান্ত নিষ্ক্রিয়ভাবে কাজ করে চলেছে। তৃণমূলের প্রার্থী থেকে কর্মী সমর্থকদের তাঁরা হেনস্থা করছে, মারধর করছে, হুমকি ধমকি দিচ্ছে বা কেউ সে সব করলে তা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে মাঠে ভোট লুটের খেলার জন্য।
বুথে দাঁড়ানো ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছে। দ্বিতীয় দফার ভোটেও এই একই অভিযোগ কমবেশি নানা জায়গা থেকেই এসেছিল। এদিন রাজ্যে যখন ৩১টি বিধানসভা কেন্দ্রের তৃতীয় দফার ভোট চলছে তখন সেই একই অভিযোগ আরও বেশি করে উঠতে শুরু করে দিয়েছে। এদিনই দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আইএসএফের বিরুদ্ধে অশান্তি বাধানোর অভিযোগ তোলেন সেখানকার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। অথচ সেই সময় কেন্দ্রীয় বাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে হাত গুটিয়ে বসেছিল। তাঁদের চোখের সামনেই নিগ্রহ করা হয় তৃণমূল প্রার্থীকে। এরই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শওকত। তারপরেই তৃণমূল নেত্রীর এই টুইট রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

