নবদ্বীপে ঘরের মধ্যে থেকে উদ্ধার অষ্টম শ্রেণির এক ছাত্রের অগ্নিদগ্ধ দেহ, মা’কে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ সেপ্টেম্বর: ঘরের মধ্যে থেকে উদ্ধার অষ্টম শ্রেণির এক ছাত্রের অগ্নিদগ্ধ মৃত দেহ। এলাকার মানুষের অভিযোগ, ছেলেটির মা ছেলেটিকে পুড়িয়ে মেরেছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এর পাশাপাশি ছেলেটির মা টুসি দাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। নদিয়ার নবদ্বীপ থানা এলাকার ঘটনা।

বকুলতলা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র দেবজিৎ দাস প্রাইভেট টিউশনি পড়ে বাড়ি ফেরে। এর পরেই ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রটির অগ্নিদগ্ধ মৃতদেহ। যদিও তার মা টুসি দাস দাবি করেছেন, প্রাইভেট টিউশনি করে পড়াশোনা না পারায় প্রাইভেট শিক্ষক বকাঝকা করায় ছেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ওই ছাত্রের ঠাকুরমা এবং প্রতিবেশিরা অভিযোগ করেন টুসি দাসের স্বভাব চরিত্র ভালো ছিল না। সম্ভবত অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তার মা ছেলেটিকে পুড়িয়ে মেরেছে। নবদ্বীপ থানার পুলিশ ওই ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *