জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: শালবনী থানা এলাকার পীড়রালোহা গ্রামের সুনীল মাহাতো নামে এক মদ্যপ যুবকের বিরুদ্ধে ঘরের মধ্যে বৃদ্ধা মাকে রেখে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির ভেতরে তার বৃদ্ধা মা রয়েছেন জেনেও তার ছেলে সুনীল মাহাতো ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুনীলকে গ্রেপ্তার করেছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, রবিবার তারা ভোর পাঁচটা নাগাদ সুনীল মাহাতোর বাড়িতে ধোঁয়া দেখতে পান এবং তার বৃদ্ধা মায়ের চিৎকার চেঁচামেচি শোনেন। এরপর পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই যুবকের বৃদ্ধা মাকে উদ্ধার করেন। বাড়ি পুরোপুরি পুড়ে গেলেও রক্ষা পান বৃদ্ধা। শালবনি থানার পুলিশ বৃদ্ধার মদ্যপ ছেলেকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

