জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১৯ অক্টোবার: সড়কের পাশে নালার জলে মোটর বাইক সহ যুবকের মৃতদেহ উদ্ধার হল। বুধবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বুদবুদের তিলডাঙা এলাকায়।
পুলিশ সুত্রে জানাগেছে, মৃতের নাম অচিন্ত্য বাগদী (২৫), গলসীর কাশপুরের বাসিন্দা। বুধবার সকালে তিলডাঙা- কসবা সজনীকান্ত সরণির পাশে নালার জলে তাকে পড়ে থাকতে দেখে পথচলতি মানুষ। নালার জলে ডুবে ছিল শরীর, পাশেই পড়ে ছিল তার মোটর বাইকটি। মোটরবাইকে ঝোলানো ছিল মাংসর প্যাকেট। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতে বাজার করে বাড়ি ফিরছিল। অসাবধানতায় নালার জলে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এদিন খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

