আমাদের ভারত, কালনা, ১৯ এপ্রিল
ভোট মিটতেই বিজেপি কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর নাম অখিল প্রামাণিক। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার কালনার কল্যাণপুর এলাকায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিজেপি কর্মী অখিল প্রামাণিক কালনার কল্যাণপুরের কামার পাড়ার বাসিন্দা ছিলেন। সোমবার সকালে স্থানীয় একটা আমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের বক্তব্য, প্রতিদিন ভোরের দিকে অখিল কাঠ কাটতে বেরিয়ে যায়। সেইমতো এদিনও সে ভোর নাগাদ বাইরে বেরিয়ে যায়। কিন্তু বেলা পর্যন্ত বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করে। তারা দেখে স্থানীয় একটা আমগাছে অখিলের দেহ ঝুলছে। পরিবারের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের তরফে অখিল প্রামাণিককে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। তাই তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিজেপির অভিযোগ, অখিল প্রামাণিক বিজেপির সক্রিয় কর্মী হওয়ায় তার উপরে তৃণমূলের আক্রোশ ছিল। সেই কারণেই তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।

