আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ জুন: জলপাইগুড়ি শহরে লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে। এর জেরে শহরের অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। ২৫ নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনি, ১ নম্বর ওয়ার্ডের করলা পাড়ে জলবন্দি কয়েক’শো মানুষ। জলবন্দি মানুষদের উদ্ধারের কাজে বোট নামানো হল প্রশাসনের তরফ থেকে।

মঙ্গলবার দুপুরে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের সমস্যা সরেজমিনে খতিয়ে দেখলেন। এদিকে পরেশমিত্র এলাকায় অনেক বাসিন্দা জলবন্দি হয়ে আছেন। খবর পেয়ে সেই এলাকায় পৌঁছয় ভাইস চেয়ারম্যান, সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস ও পুর আধিকারিকরা। ভাইস চেয়ারম্যান নিজেই উদ্ধারকারীদের বোটে করে লাইফ জ্যাকেট পরে সিভিল ডিফেন্সের সদস্যদের নিয়ে উদ্ধার কাজে নামলেন। জলবন্দি অবস্থায় ঘরে আটকে ছিলেন বয়স্ক থেকে শুরু করে অনেকে। বোটের মাধ্যমে তাদের উদ্ধার করে আনা হল। সকল বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। সেখানেই পুর কর্তৃপক্ষের তরফে খাবার ব্যবস্থা করা হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “জলে আটকেছিলাম। কাউন্সিলরকে জানাই। ভাইস চেয়ারম্যান গিয়ে আমাদের উদ্ধার করলেন।”
সৈকত চট্টোপাধ্যায় বলেন, “করলার জল বেড়েছে। উদ্ধার কাজে আমি নিজেই নেমেছি জেলা শাসকের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যে দশজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।”

