চলতি বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের নির্ঘন্ট বুধবার ঘোষণা করবে পর্ষদ ও সংসদ

রাজেন রায়, কলকাতা, ১ জুন: চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সূচি বুধবার ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদ। বুধবার বেলা ২টোয় পর্ষদ ও সংসদের তরফে একযোগে দিন ঘোষণা করা হবে।

গত সপ্তাহেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এ বছরের মাধ্যমিক পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু জুলাই মাসের শেষ সপ্তাহে। জানানো হয়েছিল, সংসদ ও পর্ষদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সেই মতোই বুধবার এই দুই পরীক্ষার দিন ও সূচি ঘোষণা হবে।

মহামারীকালে এবার এই দুই পরীক্ষাই হবে নতুন নিয়মে। আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় হবে। স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ৭টি অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। এক্ষেত্রে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *