স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ অক্টোবর : ইটাহারে দলীয় নেতা খুনের প্রতিবাদে বিজেপির ডাকা উত্তর দিনাজপুর জেলা বনধে ব্যাপক সাড়া পড়েছে। বিজেপির যুব মোর্চার সহ সম্পাদক মিঠুন ঘোষের খুনের প্রতিবাদে মঙ্গলবার ৮ ঘন্টার উত্তর দিনাজপুর সাধারন ধর্মঘটে সরকারি বাস চললেও রাস্তায় নামেনি কোনও বেসরকারি যানবাহন। খোলেনি কোনও দোকানপাট, বাজার। বনধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ও গন্ডগোল এড়াতে রায়গঞ্জ শহর সহ জেলার সবকটি রাস্তায় পুলিশের টহলদারি ও পুলিশ পিকেট বসানো হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে ইটাহারের রাজগ্রামে দুস্কৃতীদের গুলিতে খুন হন উত্তর দিনাজপুর জেলা বিজেপির যুবমোর্চার সহ সম্পাদক মিঠুন ঘোষ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমে ইটাহার থানার পুলিশ সন্তোষ মহন্ত নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কাশেম আলি ও সুকুমার ঘোষ নামে অপর দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এর আগেও মিঠুন ঘোষকে গুলি করা হয়েছিল বলে অভিযোগ। সেবার প্রাণে বাঁচলেও এবার তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা বলে অভিযোগ।

তার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ৮ ঘন্টার উত্তর দিনাজপুর জেলা বনধের ডাক দিয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার রায়গঞ্জে দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠকে দলীয় নেতার খুনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেন। পাশাপাশি ভবিষ্যতে তীব্র আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার সকাল থেকেই ধর্মঘটে ব্যাপক সাড়া পাওয়া গেছে জেলা জুড়ে। তবে এখনো পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে জেলার প্রতিটি প্রান্তে পুলিশ মোতায়েন রয়েছে।

