সাথী দাস, পুরুলিয়া, ১২ মার্চ: ১৮ মার্চ নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বিজেপির। সভা সফল করতে জনসভা স্থলে ভূমি পূজা করল পদ্ম শিবির। সভাস্থল পুরুলিয়া ২ ব্লকের ভাঙ্গড়া গ্রামের নব কুঞ্জ ময়দানে পুজো হল আজ।

এদিন ভূমি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব। সভাস্থলে পুজো করার কারণ হিসেবে বিজেপি জেলা সভাপতি বলেন, “যেখানে সভা হবে সেই ময়দান পুণ্য ভূমি। ভাঙ্গড়া গ্রামের নবকুঞ্জ ময়দানে এর আগে আদিত্যনাথ যোগীজি এসেছিলেন। এই ময়দানের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। সেখানে দেশ তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা আসবেন। তাঁর সভা সফল করতেই আজ পুজো করা হল। আজ থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হল।”

এদিকে, প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে উৎসাহ দেখা গিয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। সভায় জন প্লাবনের জন্য জেলাজুড়ে প্রস্তুতি শুরু করেছে বিজেপি।

