প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৯ এপ্রিল:
“কবে কে তৃণমূল থেকে বেরোবে অথবা কবে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে কাকে বের করে দেবে তার অপেক্ষায় বাটি হাতে বসে আছেন বিজেপি নেতৃত্ব।” আজ পানিহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের সমর্থনে প্রচারে এসে এভাবেই বিজেপির সমালোচনা করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোদপুর অমরাবতীর মাঠে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় হেলিকপ্টার থেকে নামেন। তারপর সেখান থেকে ধানকল মোড় অবধি প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হুডখোলা গাড়িতে চেপে রোড’শো করেন তিনি। তাঁর সঙ্গে একই গাড়িতে ছিলেন তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এই রোড’শোতে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মত।

বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমরাবতীর মাঠে হেলিকপ্টার থেকে নামেন তারপর সেখান থেকেই র্যালিতে অংশগ্রহণ করেন। এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের ছাঁটাই হওয়া দুই নম্বরি নেতাগুলোকে চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে যোগদান করাচ্ছে, সুতরাং আপনারা কানে শুনে না বরং চোখে দেখে বিচার করুন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন, আমফানে আর লকডাউনে সময় কে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। সেই সময় বিজেপি বা সিপিএম কোন দল জীবনের বাজি ধরে আপনাদের পাশে ছিলো? তৃণমূলের নেতারা দুঃখের সময় আপনাদের পাশে ছিলো থাকবে। প্রার্থী নির্মল ঘোষ’কে আপনারা সব সময় পাশে পান আগামী দিনও পাবেন। কিন্তু যে হাত চিহ্নকে চৈত্র সেলে বিক্রি করে বিজেপির প্রার্থী হয়ে দিনরাত শুধু ইউ টিউবে ভাষন দেন তাঁকে ওখানেই দেখবেন সারা বছর।”

