জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: প্রাথমিক স্তর থেকে পঠন পাঠন চালুর দাবি জানিয়ে পথে নামল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। পঠন পাঠন চালু না করার প্রতিবাদে ১৭ থেকে ২২ জানুয়ারি প্রতিবাদ সপ্তাহের ডাক দিয়েছিল শিক্ষক সংগঠনটি। সেইমতো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

“চলো স্কুলে পড়াই” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদে সামিল হন শিক্ষক শিক্ষিকারা। কেশিয়াড়ি রবীন্দ্র মূর্তির পাদদেশে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল কলেজ। ফলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই সব মহলে প্রশ্ন উঠছে। সেজন্য এদিনের কর্মসূচিতে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানানো হয়েছে।

