আমাদের ভারত, কলকাতা, ১৭ জুলাই: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু’ধারে প্রায় ৪০০টি দোকান ভাঙ্গার কাজ শুরু করল প্রশাসন। কল্যাণী ও বেলঘরিয়া
এক্সপ্রেসওয়েকে এক সাথে জোড়ার কাজ শুরু হবে তাই এক্সপ্রেসয়ের দুই ধারে যে সব দোকানপাট ছিল সেগুলি সরিয়ে দিতে পথে নামল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শনিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়তে উপস্থিত হয়ে দু’দিকের প্রায় ৪০০ দোকান সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন। নিয়ে আসা হয় জেসিবি মেশিন। সেই জেসিবি মেশিন দিয়ে দোকান সরিয়ে দেওয়া হয়।
বেশ কিছু দিন আগে ওই সমস্ত দোকানগুলিকে নোটিশ দেওয়া হয় দোকান সরিয়ে দেওয়ার জন্য। এক্সপ্রেসওইয়ের বেশ কিছু দোকানদার এই নোটিশ পেয়েই দোকান সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু অনেক ব্যবসায়ী দোকান সরাতে পারেননি। তাদের দোকান ও যারা দোকান ছেড়ে গেছেন তাদের দোকানের কাঠামো গুলো আজ ভেঙ্গে দেওয়া হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে জুড়ে ছয় লেনের রাস্তা তৈরির জন্য দোকানগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাস্তার দুই ধারের থাকা দোকানগুলি প্রায় ১০ থেকে ১২ বছরের পুরনো। এই সমস্ত ব্যবসায়ীরা আজ থেকে কার্যত বেকার হয়ে পড়লেন।

করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে তার মধ্যে দোকান তুলে দেওয়ায় মাথায় হাত ওই সমস্ত ব্যবসায়ীদের। চলতি মাসেই এই দোকানগুলি তুলে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক দোকানদার তা না মানায় অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন ওই দোকানগুলি নিজেরাই সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন। এদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে ঘটনাস্থলে আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে।

