ভুয়ো সিআইডি রাধারানী বিশ্বাস গ্রেপ্তারের পর নদিয়ায় ভুয়া আইএএস অচিন্ত্য ব্যানার্জির নামে অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুলাই:
নদিয়ার সিআইডি পরিচয় দিয়ে বেকারদের চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করা রাধারানী বিশ্বাস গ্রেপ্তারের পর এবার কি ভুয়ো আইএএস ধরা পড়তে চলেছে? কল্যাণীর বাসিন্দা অভিজিৎ রায়ের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে, চাকরি না দিতে পারায়, দিনের পর দিন ভয় দেখিয়েছেন আইএএস পরিচয় দেওয়া অচিন্ত্য ব্যানার্জি। নীল বাতি লাগিয়ে বিভিন্ন জায়গায় এ ধরনের শিক্ষিত বেকারদের কাছ থেকে টাকা তোলেন বলে দাবি করেন অভিজিৎ রায়।

এই মর্মে তিনি থানায় অভিযোগ করতে গেলে, অভিযোগ পত্র পর্যন্ত নেওয়া হয়নি এমনটাই তিনি দাবি করেছেন। পরে বিষয়টি রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে জানালে তিনি উপস্থিত থাকার কারণে আজ, কৃষ্ণনগর থানায় অভিযোগ পত্র জমা নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন সাংসদ। তিনি আরও বলেন, বর্তমান সরকারে এইরকম বহু আইএএস দিয়ে বিগত দিনে নির্বাচন সম্পন্ন হয়েছে, যাবতীয় প্রমাণ থানায় দেখানো হয়েছে, এমনকি ঐ আইএএস অফিসারের গাড়ির চালকের স্বীকারোক্তিও রয়েছে। এ রাজ্যে সরকার ভুয়ো সরকারি আধিকারিকদের পুষে রেখেছে, নানান দুর্নীতি করার সুবিধার্থে। আমরা প্রথম থেকে বলে আসছি, বাংলার মানুষকে প্রতারিত করা হচ্ছে। দুঃশাসনের ফলে অত্যাচারিত সাধারণ মানুষও। খুঁজলে আরও অনেক সরকারি বিভাগেই অনেক ভুয়ো অফিসার গ্রেপ্তার করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *