আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ ডিসেম্বর:
বাচ্চাদের জন্য তৈরি নির্মীয়মাণ পার্কে দুষ্কৃতী তাণ্ডবের জেরে ব্যপক উত্তেজনা ছড়াল পানিহাটিতে।
পানিহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে সাউথ স্টেশন রোডে উদয়ন সংঘ ক্লাবের মাঠে পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর অনুপম দত্তের উদ্যোগে গড়ে উঠেছিল পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান স্বপন ঘোষ নামাঙ্কিত স্বপন ঘোষ শিশু উদ্যান। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই শিশু উদ্যানটি উদ্বোধনের আগেই ভেঙ্গে দিল বাচ্চাদের জন্য তৈরি খেলার সরঞ্জাম।
সূত্রের খবর, অন্যদিনের মত রবিবার বেশ রাত পর্যন্ত এলাকার কিছু মানুষ ওই পার্কে খেলাধুলা করে যে যার বাড়ি চলে যান। এরপর সোমবার সকালে প্রাতঃ ভ্রমনকারীরা দেখেন ওই নির্মীয়মাণ পার্কে বাচ্চাদের জন্য বসানো বিভিন্ন জিনিস ভাঙ্গা অবস্থায় পার্কের মধ্যেই পড়ে আছে। এই দৃশ্য দেখে এলাকার মানুষ খবর দেয় কো-অর্ডিনেটর অনুপম দত্ত’কে। এই ভাঙ্গচুরের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ও ওয়ার্ড কো-অর্ডিনেটর অনুপম দত্ত পার্কে ছুটে আসেন। তারা এসে লন্ডভন্ড পার্কের অবস্থা দেখে হতবাক হয়ে যায়। পার্ক বন্ধ থাকার পরেও কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে উদ্বোধনের অনুষ্ঠান দেরি করানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মত প্রকাশ করেন অনুপম দত্ত। তিনি বলেন, এখানে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে আগামী দিনে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং এলাকার মানুষ এলাকার পরিবেশ রক্ষা করতে এবং পার্কটিকে রক্ষা করার জন্য একটি কমিটি গঠন করে তার দেখাশোনা করা হবে।

এদিন এলাকার বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “আমরা রাতে সবাই এই পার্কে বসে গল্প করে, খেলাধুলা করে বাড়ি ফিরে গিয়েছিলাম। আর আজ সকালে এসে পার্কের এই অবস্থা দেখলাম। বাচ্চাদের খেলার সরঞ্জামগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। এলাকার মানুষ এখানে বিকেলে অনেকটা সময় কাটাবেন বলে পার্কটি তৈরি করা হচ্ছে আর ঠিক উদ্বোধনের আগে এই ঘটনা ঘটে গেলো। কিন্তু এই পার্কের দেখাশোনার দায়িত্ব ও আমাদেরই নিতে হবে। যারা এই কাজ করেছে তারা অত্যন্তৎঘ নোংরা কাজ করেছে।” তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

