আশিস মণ্ডল, বীরভূম, ১৬ আগস্ট: “ত্রিপুরাতেও ভয়ঙ্কর খেলা হবে। পশ্চিমবঙ্গে ২০২১ যেমন খেলা হয়েছে, ত্রিপুরাতেও সেরকম খেলা হবে”। সোমবার বীরভূমের মহম্মদ বাজার থানার দেওচা গৌরাঙ্গিনি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ১৬ আগস্ট দিনটিকে রাজ্য সরকার খেলা দিবস হিসাবে ঘোষণা করে। সেই মতো সোমবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। অধিকাংশ ক্ষেত্রে বিধায়করা খেলা দিবসের উদ্বোধন করেন। রামপুরহাটের গান্ধীপার্ক মাঠে খেলার উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। দেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দিবস অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতি সাহা।
মঞ্চ থেকে বল ছুঁড়ে খেলা দিবসের উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল। তার মধ্যেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুব্রত বলেন, “উত্তরপ্রদেশ সরকার ভয় পেয়ে গিয়েছে তাই তারা খেলা হবে শ্লোগান বন্ধ করে দিয়েছে। বেঙ্গলে আমরা যেমন চাম্পিয়ান হয়েছি সেরকম সারা ভারতবর্ষে আমরা চাম্পিয়ান হবো। ত্রিপুরাতেও একই খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। যে খেলা খেলেছি ২১ শে, সেই খেলা হবে ২৪ শে। ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে একশো শতাংশ”। আপনি কি ত্রিপুরা যাবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, “দল চাইলে যাব”।
