দশ বছর পর পাহাড়ে শান্তিপূর্ণ ভাবে হল জিটিএ নির্বাচন

আমাদের ভারত, দার্জিলিং, ২৬ জুন: দশ বছর পর পাহাড়ে হল জিটিএ নির্বাচন। তাই ভোরবেলা থেকে বৃষ্টি পড়লেও তা উপেক্ষা করেই বুথে পৌঁছে যান ভোটাররা। যদিও বেলা বাড়তেই বৃষ্টি কমে আসে। কিন্তু ইলশেগুড়ি বৃষ্টি বিক্ষিপ্তভাবে পড়েই চলে। এর মধ্যে আবার মেঘ-রোদের লুকোচুরিও চলেছে। মোটের ওপর মনোরম আবহাওয়ায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হল পাহাড়ে। শেষমেশ ভোট পড়েছে ৫৬.৬ শতাংশ।

বৃষ্টির প্রভাব কমতেই মুহূর্তের মধ্যে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় গোটা পাহাড়। বেশ ঠান্ডাও পড়ে যায়। কিন্তু বাসিন্দারা এর মধ্যেও ছুটে গিয়েছেন ভোট দিতে। ৪৫টি আসনের ২৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে। কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণ নির্বাচন হল পাহাড়ে। কোথাও কোনওরকম গন্ডগোল হয়নি। সকালবেলা ভোট দেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। তিনি বলেন, “আশাকরি মানুষ পাহাড়ের শান্তি-উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আমাদের জয় নিশ্চিত রয়েছে। আমরা রাজ্য সরকারের সঙ্গে থেকেই কাজ করতে চাই।”

অন্যদিকে বিকেলে ভোট দিয়ে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, “জনতা যা রায় দেবে মাথা পেতে নেবো। যদি ক্ষমতায় বসি তাহলে নিষ্ঠা- স্বচ্ছতা বজায় রেখে কাজ করব। আর বিরোধী হলে গঠনমূলক বিরোধিতা করব।”

আবার এদিকে ভোট দিয়ে তৃণমূল প্রার্থী বিনয় তামাং বলেন, “বিজেপি পাহাড়ের মানুষকে ধোকা দিয়েছে। তাই তারা পাহাড় থেকে ভোট পাবে না। আমাদের ১০ জন জিতবেই। আমি নিজেও জিতব।”

একইভাবে দার্জিলিংয়ের পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “পাহাড়ে খুব ভালো ভোট হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েও যেভাবে মানুষ ভোট দিয়েছে তাতে ধন্যবাদ সকলকে। আমাদের সব প্রার্থী জিতবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *