পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ আগস্ট: দুর্গাপূজোয় ক্লাবগুলির অনুদান বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির।
মঙ্গলবার বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকার অনুদান বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে যাদের ডিএ বাকি তাঁদের ডিএটা তো দিন। লক্ষ লক্ষ বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় ঘুরছে, মাসের পর মাস ধর্না দিয়ে বসে আছে, তাদের চাকরির ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। এসএসসি নিয়মিত হোক বলেও এদিন জোড়ালো দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, তিনি বলেন, এসব করবার জন্য রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন নেই। বেকারদের কর্মসংস্থান নেই। ফলে জিডিপিও বাড়ছে না।
একই সাথে এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, বিজেপির নবান্ন অভিযানের দিন পরিবর্তন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর আদিবাসীদের করম উৎসবকে সন্মান জানিয়ে সেই দিন তাদের আন্দোলন বন্ধ রাখা হয়েছে। পরিবর্তে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান করবে বিজেপি, এমনটাই এদিন জানিয়েছেন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

