কেন্দ্রের হস্তক্ষেপে না, রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, দাবি সুকান্তর

আমাদের ভারত, ৮ ডিসেম্বর: বিজেপি নেতা মন্ত্রীদের মুখে ডিসেম্বর ডেডলাইনের কথা বার বার শুনেছে রাজ্যবাসী। কিন্তু এই ডিসেম্বর ডেডলাইনে তৃণমূল সরকারের ঠিক হতে চলেছে তা খোলসা করেননি কোনো বিজেপি নেতাই। তার মধ্যে সুকান্তর শাহী বৈঠক। ফলে নানা জল্পনা শুরু হয়েছে এই নিয়ে। এটাও মনে করা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বড়সড় হস্তক্ষেপ হবে ও সরকারও তাতে পড়ে যেতে পারে। কিন্তু দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদারের স্পষ্ট বার্তা কেন্দ্রের হস্তক্ষেপে রাজ্য দখলে বিশ্বাসী নন তারা, রাজনৈতিক ভাবে লড়াইয়ে হারিয়ে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।

অমিত শাহের সঙ্গে সুকান্তর বৈঠক ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে তাহলে ডিসেম্বর ডেডলাইন কি এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। অমিত শাহের সঙ্গে কথা বলার পরেই কি বড় কিছু হবে রাজ্যে। সরকার কি পড়ে যাবে?

কিন্তু সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন, “কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে রাজ্য দখল করবো এই মানসিকতায় রাজ্য বিজেপি বিশ্বাস করে না। কেন্দ্র কোথায় হস্তক্ষেপ করবে কতটা হস্তক্ষেপ করবে সেটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। আমরা রাস্তায় নেমে লড়াই করে রাজনৈতিক ভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ঘরে ঢুকিয়ে ক্ষমতায় আসতে চাই।” তাঁর দাবি, তাঁরা ক্ষমতায় আসবেনই, অদূর ভবিষ্যতেই বাংলায় তারা ক্ষমতায় আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *