শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ২৪ আগস্ট : মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই পোস্টে তিনি দলীয় ভেদাভেদ ভুলে বাঙলা বাঁচাতে ১০ কোটি বাঙালিকে একজোট হবার ডাক দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে দলীয় ভেদাভেদ ভুলে সব দলের যে সমর্থকদের যে তিনি একজোট হতে বলছেন, তারা কার ছাতার তলায় আসবেন?
দুর্নীতি কেলেঙ্কারি থেকে গরু পাচার মামলায় একাধিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের। যা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তোপ দেগেছে বাম কংগ্রেস নেতারাও। তবে বাংলার স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলের সমর্থককে একজোট হবার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার রাতে একটি ফেসবুক পোস্ট করতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। পোস্টেরর একদম শেষের প্যারায় সুকান্ত লিখেছেন, “সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে বাংলার স্বার্থে, ১০ কোটি বাঙালির স্বার্থে সকল শ্রেণির সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে ভয়ের গ্যাস গ্যাস চেম্বার থেকে বেরিয়ে এসে, পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি, খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সরকারকে আয়না দেখানো। আজ না করতে পারলে ভবিষ্যতের কাছে আমাদের জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না।” সুকান্ত মজুমদার এর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের জোর চর্চা শুরু হয়ে যায়। প্রশ্ন উঠেছে ভেদাভেদ ভুলে সুকান্ত কোন ছাতার তলায় আসার ডাক দিলেন? এই মহাজোটের নেতা কে হবেন? কোন ছাতার তলায় এই জোট হবে?
বিজেপি রাজ্য সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অবশ্যই বিজেপির ছাতার তলায় আসার ডাক দিয়েছি। তার কথায় রাজ্যের মান সম্মান ভুলুন্ঠিত। মন্ত্রী নেতারা জেলে, এমনকি এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে রেইড করেছে সিবিআই। এই পরিস্থিতিতে রাজ্যের মান সম্মান ফেরাতে সকলের উচিত একছাতার তলায় আসার। পরিবর্তনের পরিবর্তন করা। মানুষের সহমতে দলীয় দ্বন্দ ভুলে রাজ্যের স্বার্থে একজোট হয়ে লড়াই করা।
কিন্তু একছাতার তলায় আসতে নেতৃত্বে হিসেবে সব দলের মানুষ কেন বিজেপিকেই বেছে নেবে? সুকান্ত মজুমদার বলেন, কংগ্রেসের তেমন কোনো জনসমর্থন নেই।” কিন্তু সম্প্রতি বিভিন্ন উপনির্বাচনে সিপিএমের সমর্থন বৃদ্ধি পেয়েছে বলে দেখা যাচ্ছে। এর উত্তরে সুকান্ত মজুমদার বলেন, সিপিএম কোনো শক্তিই নয়। তৃণমূল জোর করে সিপিএমকে শক্তি হিসেবে দেখানো চেষ্টা করছে।”
তবে তৃণমূলের সমর্থকদের কিভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে বলছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি বলেন, পুরোনো তৃণমূল যারা বামফ্রন্ট সরকারের অত্যাচার থেকে মুক্তি পেতে পরিবর্তনের স্বপ্ন দেখছিলেন, যাদের স্বপ্ন এই তৃণমূল সরকার পূরণ করতে পারেনি, সেই তৃণমূল সমর্থকরা এই দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে সামিল হোক। সর্বোপরি সমস্ত সৎ পরিচ্ছন্ন মানুষ যারা দেশের ভালো চান, যারা রাজ্যের ভালো চান তাদের একজোট হবার আহ্বান জানাচ্ছি।”
বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজনৈতিক বিভেদ ভুলে সুকান্তর একজোট হওয়ার ডাক ডাক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও তিনি আগেই বলেছেন, এবার পচা আলু নেবেন না, বেছে নেবেন।

