আমাদের ভারত, ২৯ জুন: মালদার হরিশচন্দ্রপুরের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার কড়া সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। বুধবার সুকান্তবাবু লিখেছেন, “মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে ফের ধর্ষণের শিকার মালদার হরিশচন্দ্রপুরের দশম শ্রেণির এক ছাত্রী।”
তিনি লিখেছেন, “মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলার নারীরা অসুরক্ষিত! নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ যারা, তারাই নিজেদের বাংলার গর্ব বলে প্রচার করে! বাংলার লজ্জা!“
প্রসঙ্গত, অপহৃত দশম শ্রেণির ওই ছাত্রীকে পার্শ্ববর্তী রাজ্য, বিহার থেকে সম্প্রতি উদ্ধার করে পুলিশ। অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের সদলিচক এলাকার বাসিন্দা দশম শ্রেণির স্কুল ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে চার যুবক। অপহৃত ছাত্রীকে নিয়ে বিহারের কাঠিহার আমদাবাদ এলাকায় চলে যায় তারা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিহারের কাঠিহার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান নাবালিকা ছাত্রীকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিহার রাজ্যে নিয়ে গিয়েছিল ওই চার যুবক। পুরো ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

