স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ:
বিচারাধীন জেলবন্দির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানাঘাট সংশোধনাগারে। শনিবার গলায় ফাঁস লাগিয়ে ওই বন্দি আত্মহত্যা করে বলে জানা যায়।

সূত্রের খবর, নদিয়ার হাঁসখালি পিপুলবেড়িয়ার বাসিন্দা রাজু বিশ্বাসের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর হাঁসখালি থানায় ওই এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। এরপর পুলিশ রাজু বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। রাজু বিশ্বাসের তরফ থেকে জামিনের আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত দেয়। তারপর থেকেই রাজু বিশ্বাস জেল হেফাজতে রয়েছে এবং তার বিচার প্রক্রিয়া চলছিল বলে জানা যায়।

সূত্রের খবর, রাজু বিশ্বাস মানসিক অবসাদে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানা যায়। যদিও জেল কর্তৃপক্ষের তরফ থেকে গোটা বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে যে কি কারণে এমন ঘটনা। রাজু বিশ্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

