ঘাটালে দলীয় প্রার্থীর সমর্থনে এসইউসিআই’য়ের প্রচার কর্মসূচি

কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ১৬ মার্চ:
ঘাটাল বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী অঞ্জন জানার সমর্থনে, মঙ্গলবার সকালে কুশপাতা থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে গম্ভীরনগর রথতলা বাজার সহ ঘাটাল শহরে প্রচার কর্মসূচি হল। প্রার্থী ছাড়াও ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক, ঘাটাল লোকাল কমিটির পক্ষে নাড়ু গোপাল দোলই, সুব্রত মাজী, দেবাশিষ মাইতি সহ অন্যান্যরা।

নেতারা তাদের বক্তব্যে, কৃষক ও শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা, সাম্প্রদায়িক-ফ্যাসিস্ট ও কর্পোরেট স্বার্থরক্ষাকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সুবিধাবাদী কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করে ঘাটাল ও দাসপুর ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে গণ আন্দোলনের একমাত্র শক্তি এসইউসিআই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রার্থী অঞ্জন জানা বলেন, ঘাটাল মহকুমায় স্থায়ী বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে মহকুমাজুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যুক্ত। কেন্দ্র সরকার স্কীমটিতে ছাড়পত্র দিলেও আজও কোনও অর্থ বরাদ্দ করেনি। এই আন্দোলন সহ ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার, জনজীবনের বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে ব্যাটারি টর্চ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *