স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মার্চ: প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির নেতৃত্বে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার পাঁচজন সংযুক্ত মোর্চার প্রার্থী সুবিশাল র্যালি করে মনোনয়ন পত্র দাখিল করলেন। রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের দপ্তরে রায়গঞ্জ মহকুমাশাসকের কাছে আজ মনোনয়ন পত্র দাখিল করলেন রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্ত, করণদিঘির ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল, ইটাহারের সিপিআই প্রার্থী বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী ডঃ শ্রীকুমার মুখার্জি, কালিয়াগঞ্জের কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার, হেমতাবাদের সিপিএম প্রার্থী ভূপেন্দ্র নাথ বর্মন।
বাম-কংগ্রেস, আইএসএফ সহ সংযুক্ত মোর্চার পক্ষে প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি এই ৫ জন প্রার্থী এবং বাম-কংগ্রেস ও আইএসএফ কর্মীদের নিয়ে বিশাল র্যালি করে রায়গঞ্জ শহরে। শহরের দেবীনগর কালীবাড়ি থেকে কয়েক হাজার বাম-কংগ্রেস জোটের কর্মী সমর্থকরা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে তাদের বর্ণাঢ্য পদযাত্রা শেষ করে। মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি, উত্তর দিনাজপুর জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল সহ বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সংযুক্ত মোর্চার প্রার্থীদের এই মনোনয়ন মিছিলে কর্মী সমর্থদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিক দীপা দাসমুন্সি জানিয়েছেন, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজ এসেছেন, যে জনজোয়ার আজ দেখা গিয়েছে তাতে আমি ভীষণ আশাবাদী সংযুক্ত মোর্চার প্রার্থীরা জয়লাভ করবে।
এদিকে পর পর দুবারের বিধায়ক তথা লড়াকু নেতা তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, মানুষের আবেগ আর উচ্ছ্বাস জানান দিচ্ছে সংযুক্ত মোর্চা দিকে দিকে জয়লাভ করবেই। মানুষ চাইছে রাজ্যের স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস সরকারের পতন এবং ধর্মীয় মেরুকরণ ও জাতপাতের রাজনীতি করা বিজেপিকে হারাতে ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার জোটই রাজ্যে শান্তি এবং উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থান করবে। এদিনের রায়গঞ্জের কর্ণজোড়ায় সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলকে ঘিরে জেলা প্রশাসনিক কার্যালয় চত্বর কার্যত নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।

