পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ নভেম্বর: রেশন সরবারাহের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ জেলা খাদ্য দপ্তরের।
গত শনিবার কেশপুর ব্লকের ১৪ নং ঝেতলা অঞ্চলের রামেশ্বর চকের রেশন ডিলারের দোকানের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। গ্ৰামবাসীদের অভিযোগ, সরকারের বরাদ্দকৃত রেশন সামগ্ৰী ঠিকমতো তাদের দেওয়া হচ্ছে না। ব্লক প্রশাসনের কড়া নির্দেশে গ্ৰেফতার করা হয় স্বপন ডিলার পড়িয়াকে।
গতকাল বুধবার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডির উপস্থিতিতে ওই এলাকার অন্য রেশন ডিলার শিবরাম দুলায়কে দায়িত্ব দিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে এলাকার গ্ৰাহকদের রেশন সামগ্ৰী বিতরণ করা হয়। এই ব্যাপারে জেলা খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি বলেন, আগের রেশন ডিলার স্বপন পড়িয়াকে গ্ৰাহকদের রেশন সামগ্ৰী কম দেওয়ার অভিযোগে সাসপেন্ড এবং গ্ৰেফতার করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত চলাকালে ওই রেশন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই গ্ৰাহকরা যাতে রেশন সামগ্ৰী পেতে সমস্যায় না পড়ে তাই অন্য রেশন ডিলার মারফত গ্ৰাহকদের রেশন সামগ্ৰী বিতরণ করা হয়।

