সাথী দাস, পুরুলিয়া, ২৮ মে: অযোধ্যা পাহাড়ে হাতির হামলায় মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক রাজ্য সরকার পৌঁছে দিল। বাঁধডি গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর সিং মুড়া আজ সকালে হাতির হানায় মারা যান। রাজ্য সরকারের পক্ষ থেকে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো অযোধ্যা পাহাড় রেঞ্জ বনাধিকারিককে সঙ্গে নিয়ে আড়াই লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন। বাকি সম পরিমাণ অর্থ পরবর্তীতে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। এদিন বিধায়ক ব্যক্তিগত ভাবেও আর্থিক সাহায্য করেন মৃতের পরিবারকে।

স্থানীয় ভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি আজ ভোরে শৌচকর্মে গিয়ে বুনো হাতির মুখোমুখি হন। সেই সময় শুঁড়ে পেঁচিয়ে আছড়ে দেয় হাতিটি। ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মী ও আধিকারিকরা পৌঁছান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঘমুন্ডি থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠান। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃতের দাদা রঘুনাথ সিং মুড়া সকালেই আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবি করেছিলেন।


