করোনা প্রতিরোধে রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটির বিশেষ উদ্যোগ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল: অতিমারি করোনার ঢেউ আছড়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলায়। জেলা সদর রায়গঞ্জ শহরে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সেকারনেই জনবহুল বাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজিং ও মাস্ক বিতরণের মাধ্যমে সচেতনতার কাজ শুরু করল রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি। বাজার কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোহনাবাটি বাজারের ক্রেতা বিক্রেতারা।

গত এক সপ্তাহে শুধুমাত্র রায়গঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই প্রায় ৫০ পার করছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু এখনও রায়গঞ্জ শহরের মানুষ অসচেতন হয়ে মাস্ক ছাড়াই চলাচল ও বাজারঘাট করে চলেছে। সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহন করল রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি। রবিবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সমস্ত সবজি বাজার থেকে শুরু করে গোটা বাজার এলাকা স্যানিটাইজিং করার পাশাপাশি মাস্কহীন মানুষদের হাতে তুলে দিলেন মাস্ক। মাইকিংয়ের মাধ্যমে সাধারন মানুষ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতাদের সচেতন করল মোহনবাটি বাজার কমিটি। কেউই যাতে মাস্ক ছাড়া বাজারে প্রবেশ না করে সেজন্য বিশেষ নজরদারিও করে বাজার কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *