নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ এপ্রিল:
ফের করোনায় আক্রান্ত বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। নিজেই কোভিড পজিটিভ হওয়ার কথা ট্যুইট করে জানিয়েছেন। এই নিয়ে দ্বিতীয় বার আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এবারের বিধানসভা নির্বাচনে তিনি কলকাতার টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজের লড়াই শেষ হলে দলের অন্য প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন বাবুল সুপ্রিয়। আজ তিনি জানিয়েছেন, “আমি কোভিদ পজেটিভ। সঙ্গে আমার স্ত্রী। আমরা দুজনেই ভালো রয়েছি। চিকিৎসকদের পরামর্শে বাড়িতে রয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে দলের কাজে নামতে পারবো।” আসানসোলের ভোটে না থাকতে পারার জন্য আক্ষেপ প্রকাশ করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, “প্রতিবার দুষ্কৃতীরা ভোটের দিন আসানসোলে সক্রিয় হয়। ভোটের দিন আমার রাস্তায় থাকাটা জরুরী ছিল। করোনা পজেটিভ হওয়ায় আমি ঘরেই থাকবো। কিন্তুু দলীয় নেতাদের কাছ থেকে আসানসোলের ভোটের সব খবর রাখার চেষ্টা করব।”

