অমরজিৎ দে,ঝাড়গ্রাম, ১৯ জুন:
গ্রামীণ এলাকাকে একশো শতাংশ নির্মল গ্রাম হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঝাড়গ্ৰাম জেলা পরিষদে। সেইজন্য গৃহস্থালির কঠিন ও তরল বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে তিন দিনের বিশেষ কর্মশালা হল। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে এই কর্মশালা হয়।
গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক এবং নয়াগ্ৰাম ব্লকের মোট ১৯ টি গ্রাম পঞ্চায়েত স্তরের প্রশাসনিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই বিশেষ কর্মশালা হল। কর্মশালায় আগামী দিনে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কিভাবে একশো শতাংশ নির্মল গ্রাম পঞ্চায়েত হিসাবে তুলে ধরা যায় এবং বাড়ির প্রয়োজনীয় শাক সবজির বর্জ্য থেকে শুরু করে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবস্থাপনা করা যায় তার আলোচনা করেন জেলার মিশন নির্মল বাংলা প্রকল্পের আধিকারিকরা।

অংশগ্রহনকারী ১৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা নিজেদের এলাকায় ওডিএফ প্লাস মডেল ভিলেজ গড়ার অঙ্গীকার করেন। এই তিনদিনের কর্মশালা পরিচালনা করেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের মিশন নির্মল বাংলা প্রকল্পের জেলা কো অডিনেটর মুকুন্দরাম চক্রবর্তী, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিআইও বিধান গায়েন প্রমূখ।

