পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ হলেন সোমনাথ বেরা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুলাই:
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর এর কর্মাধ্যক্ষের পদে নির্বাচিত হলেন সোমনাথ বেরা। গতকাল এই নির্বাচন হয়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের এক সভায় সভাধিপতি দেবব্রত দাস ও সহ-সভাপতি শেখ সুফিয়ানসহ অন্যান্য অন্যান্য কর্মাধ্যক্ষের উপস্থিতিতে নির্বাচন হয়। দীর্ঘদিন খালি থাকা এই পদে নির্বাচিন হল।

এই পদে থাকা আনন্দময় অধিকারী বিজেপিতে যোগদান করার ফলে এই পদটি দীর্ঘদিন ধরেই শূন্য ছিল। বুধবার নির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হল। সোমনাথ বেরা আগে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। দলের নির্দেশে তিনি ওই পথ থেকে গতবছর পদত্যাগ করেছেন। বিধানসভা নির্বাচন ঘিরে জেলা রাজনীতিতে ওলট পালট হয়ে যায়। শুভেন্দু অধিকারীর অনুগামী বেশকিছু তৃণমূল নেতৃত্ব দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় তার অনুগামী না হওয়াতে দলের কোপে পড়েন সোমনাথ বেরা। তাই দলের নির্দেশে তখন তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

বর্তমানে বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতায় আসার পর সোমনাথ বেরার গুরুত্ব বাড়ে। বিধানসভা ভোটের পর থেকে দলে সোমনাথ বেরার পুরনো পদ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষের পদটিতে বসিয়ে সেই প্রক্রিয়া শেষ হল।

নির্বাচনের পরে তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র জেলা পরিষদ এসে সোমনাথ বেরাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান।
সোমনাথ বেরার এই নির্বাচন ঘিরে দলের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হলেও সবকিছু মিটিয়ে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে।

নতুন পদের দায়িত্ব পাওয়ার পরে সোমনাথ বেরা জানান, পূর্ব মেদিনীপুর জেলার মাছ চাষকে তিনি রাজ্য তথা দেশের কাছে তুলে ধরতে চান। তিনি জানান, পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি জেলা যেখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ এবং বিভিন্ন নোনা জলের মাছের সঙ্গে মিষ্টি জলের মাছের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। সেইসব মাছ তিনি রাজ্য তথা দেশের কাছে তুলে ধরতে চান। রপ্তানি বাড়িয়ে জেলার অর্থনীতি আরো মজবুত করার দিকে নজর দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *