সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ অক্টোবর: শ্রদ্ধার সাথে ভগিনী নিবেদিতার ১৫৬ তম জন্মদিন পালিত হল বড়জোরার ভৈরবপুরে। বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই উপলক্ষে জনমজুর অধ্যুষিত ভৈরবপুর গ্রামের বাগদি পাড়া যুব সম্প্রদায়ের সহযোগিতায় একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

আজ সকালে ভৈরবপুর বাউরি পাড়া থেকে ভগিনী নিবেদিতার প্রতিকৃতি নিয়ে একটি শোভাযাত্রা সারা গ্রাম প্রদক্ষিণ করে। এখানের জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভগিনী নিবেদিতার মার্গারেট থেকে নিবেদিতার হওয়ার কথা প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন বিদ। তিনি বলেন, ভগিনী নিবেদিতার কর্মজীবনের কথা বলতে গেলে তার আদর্শের মহাপুরুষ স্বামী বিবেকানন্দের কথা আসবেই। একজন পাশ্চাত্যের মহিলা কিভাবে ভারতীয়ত্বে রূপান্তরিত হয়ে এদেশের গরিব আর্ত পীড়িত মানুষের জন্য জীবন পাত করার ঘটনা তুলে ধরেন। শ্রী বিদ জানান, ভৈরবপুর বাউরি পাড়া এবং বাগদি পাড়ার পরিবারগুলি সবই দিন মজুর। এই সব মানুষদের জন্য ভগিনী নিবেদিতা কি করেছেন তা তুলে ধরার জন্যই দিনটিকে স্মরণ করা হয়।

এদিন এই সব জন মজুরদের নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫ জন মহিলা সহ ৬০ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজকের শিবিরে রক্তদাতাদের অধিকাংশই জীবনে প্রথম রক্তদান করার স্বাদ উপলব্ধি করেন বলে জানান উদ্যোগী বিদ্যুৎ বাগদি, অমিত বাগদি ও চিরঞ্জিৎ দীয়াসি।

