আমাদের ভারত, ৪ জুলাই: রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে চালানো হচ্ছে। এই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পরিদর্শক দল। কিন্তু কেন্দ্রীয় পরিদর্শকদের চোখে ধুলো দিতে এখন আবার নতুন করে নামকরণ করা হচ্ছে এই অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় পরিদর্শকদলের চোখে ধুলো দিতে প্রকল্পের নামবদলের নানা নমুনা পেশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটারে তিনি লিখেছেন, “আমি আজ প্রমাণ করতে পেরেছি। গত দেড় বছর ধরে দাবি করে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ‘স্টিকার’ সরকার। তিনি অনৈতিক ও বেআইনিভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করছেন। আজ তাঁর প্রশাসন কেন্দ্রীয় পরিদর্শক দলের হাতে ধরা পড়েছে।”
পরিদর্শকদলের চোখে ধুলো দিতে টুইটারে যুক্ত ভিডিওতে দেখা যাচ্ছে বাংলা আবাস যোজনা লেখার ওপর কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্টিকার লাগানো হয়েছে।
অপর একটি টুইটারে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা গ্রাম সড়ক যোজনা হিসাবে পাস করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তার অবস্থানকে কঠোর করেছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলি সঠিক নামে বাস্তবায়িত না হলে তহবিল বন্ধ করার সতর্কতা দিয়েছে।“
শুভেন্দুবাবু লিখেছেন, “কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ঘটনা জানতে একটি পরিদর্শক দল পাঠিয়েছে। সত্য প্রকাশিত হলে তার প্রভাব কতটা হবে সে সম্পর্কে সতর্ক দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার। তাই রাতারাতি কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক নাম রেখে তাদের কীর্তি ঢাকতে চেষ্টা করেছিল; নকলের উপর পেইন্টিং/পেস্ট করে।“ এটির সঙ্গেও প্রমাণ হিসাবে ছবি পেশ করেছেন শুভেন্দুবাবু।

