“মা ক্যান্টিন ও ক্লাবের পিছনে কয়েক হাজার কোটি টাকা নয়ছয়”, রাজ্যপালের কাছে তদন্তের দাবি শুভেন্দুর

আমাদের ভারত, ১৯ জানুয়ারি: দুর্গাপুজো হোক বা খেলা, দ্বিতীয় বার বাংলার মসনদে বসেই ক্লাবগুলিকে দরাজ হস্তে দান করতে দেখা গিয়েছে মমতার সরকারকে। যা নিয়ে রাজনৈতিক মহলে বার বার বিতর্কের ঝড় উঠলেও তাতে বিশেষ কর্ণপাত করতে দেখা যায়নি পশ্চিমবঙ্গ সরকারকে। সরকারি অনুদান পেয়ে স্বভাবতই খুশি ক্লাব কর্তারা। অভিযোগ উঠেছে গত বিধানসভা ভোটের মুখে রাজ্যের শাসক দলের মা ক্যান্টিনের পিছনে অর্থ বরাদ্দ নিয়েও। এমতাবস্থায় এবার ক্লাব নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

বুধবার সন্ধ্যায় রাজ্যপাল টুইটারে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রীড়া ক্লাবের অনুদান এবং মা ক্যান্টিনের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের তহবিলের হাজার হাজার কোটিরও বেশি নয়ছয় করেছে। আজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে এই অপরাধমূলক কাজের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন।” এর সঙ্গে রাজভবনে শুভেন্দুবাবুর সঙ্গে সাক্ষাতের ভিডিও যুক্ত করেছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, বিজেপি নেত্রী ভারতী ঘোষ এই প্রসঙ্গে কটাক্ষবান শানিয়ে গত ১১ জানুয়ারি সন্ধ্যা থেকে দফায় দফায় টুইট পোস্ট করেন। সেখানে একটি পোস্টে তিনি লেখেন, “বড় ক্রীড়া কেলেঙ্কারি! পশ্চিমবঙ্গ সরকার ২৫ হাজার ক্লাবকে খেলাধূলার কার্যকলাপ বাড়াতে আর্থিক সাহায্য হিসাবে ৫ লক্ষ করে দিয়েছে। মোট খরচ হয়েছে ১২৫০ কোটি। কিন্তু এগুলি সবই আদপে ভুয়ো স্পোর্টস ক্লাব। তারা জলসা, রাজনৈতিক কর্মসূচি, র‌্যালির আয়োজন করলেও খেলাধূলা সংক্রান্ত কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *