আমাদের ভারত, ১৩ সেপ্টেম্বর:
মঙ্গলবার নবান্ন অভিযান শুরুর আগেই ধুন্ধুমার কান্ড সাতরাগাছি যাওয়ার আগে হুগলি সেতু সংলগ্ন অঞ্চলে। প্রথমে শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় পুলিশের সঙ্গে বচসা বেধে যায় তাদের। কার্যত ধস্তাধস্তি হয় দু’পক্ষের মধ্যে। তারপরই রাজ্যে বিরোধী দলের নেতাকে আটক করে পুলিশ। তাকে প্রিজনভ্যানে তোলা হয়। আটক করা হয় রাহুল সিনহার লকেট চট্টোপাধ্যায়কেও। তাদের গায়ে পুলিশ হাত দিয়েছে বলে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক।
দ্বিতীয় হুগলি সেতুর সামনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শুভেন্দু। তিনি অভিযোগ করেন মহিলা পুলিশ অফিসাররা তাকে ঘিরে রেখেছেন, তাঁর গায়ে হাত দিয়েছেন। দীর্ঘক্ষণ তর্কাতর্কির পর ব্যারিকেডে ধাক্কা দিতে থাকেন নন্দীগ্রামে বিধায়ক। তিনি অভিযোগ করেন মহিলা অফিসার তাকে ঘিরে রেখেছেন। এরপর, “ভয় পেয়েছে মমতা বুঝে গেছে জনতা, মমতা হায় হায়” বলে স্লোগান তুলতে থাকেন তিনি। তার সাথে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। শেষে শুভেন্দু, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে আটক করে প্রিজনভ্যানে তোলা হয়। ফলে সাঁতরাগাছি হয়ে নবান্ন যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায় তাদের। এদিন শুভেন্দু হুঁশিয়ারি দেন তিনি হাইকোর্টে মামলা করবেন।

