নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মে:
যসের মোকাবিলায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আজ মেদিনীপুরের ভাঙাবেড়া অতিথি নিবাসে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘূর্ণিঝড়ের পরে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে তা নিয়ে আলোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, রাজ্যের উপর দিয়ে ২৬ মে বইবে ঘূর্ণিঝড়। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলিতে ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি। তাছাড়াও ২৫ মে থেকে মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে আগে থেকেই চিন্তাভাবনা শুরু করলেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের ত্রাণের এলাকা ভাগ করে দেন তিনি। পাশাপাশি কে কোন এলাকায় দায়িত্বে থাকবেন তাও ঠিক করে দেন নন্দীগ্রামের বিধায়ক।
বৈঠক শেষ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, গোটা জেলাজুড়ে এমন বৈঠক হয়েছে। বিজেপি মানুষের পাশে থাকবে। ত্রাণকার্য এলাকাগুলোতে দ্রুত পৌঁছাতে বিজেপি কর্মীরা রং দেখবেন না। রং না দেখে ত্রাণকার্য চালানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

