কেশপুরে তৃণমূলের কর্মী সম্মেলন থেকে বিজেপির পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন বিধায়ক শিউলি সাহা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে শাসক দলের নেতা কর্মীরা। দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এবং সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করতে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে শাসক দলের নেতারা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দু’নম্বর শীর্শা অঞ্চলের খেতুয়াতে ১১তম বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিউলি সাহা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চিত্তরঞ্জন গরাই, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

এই কর্মী সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন কেশপুরের বিধায়িক শিউলি সাহা, যেখানে বাদ পড়েনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও। এদিন তিনি বলেন, দাদা তুমি একদিন বলেছিলে এই কেশপুরে বিজেপিকে বাংলায় জায়গা করতে দেওয়া যাবে না কারণ বাংলার শান্ত পরিবেশ নষ্ট করবে বিজেপি। আজ তুমি বলছো ডবল ইঞ্জিন সরকার দরকার, আমি বলছি কেন কোকেন ব্যবসা করতে সুবিধা হবে।

প্রসঙ্গত, দুদিন আগে কোকেন নিয়ে নাম জড়িয়েছে একাধিক বিজেপির নেতার। তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন, এবার সেই প্রসঙ্গ নিয়ে কার্যত বিজেপিকে কটাক্ষ করলেন কেশপুরের বিধায়িক শিউলি সাহা। পাশাপাশি তিনি আরও বলেন, ডবল ইঞ্জিন সরকার তো অনেক রাজ্যেই রয়েছে সেখানে তো মহিলাদের নিরাপত্তা নেই। আমি বলছি বাংলায় বাড়ির মেয়েদের নিরাপত্তার কথা ভেবে খাল কেটে কুমির আনবেন না, কার্যত এক কথায় বলা যেতে পারে নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগেই রাজনৈতিক পারদ এখন উর্ধ্বমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *