আমাদের ভারত,১৮ জুন: চার মাস আগে ঘোষিত পুলিশের বিভাগীয় পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার নোটিশ জারি করা হয়েছে। আর সেই নোটিশ জারি হবার পরেই উদ্বেগ প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন। তাঁর কথায় পুলিশ কর্মীর সংখ্যা এত কম যে ৪ মাসে ঘোষণা করা পরীক্ষা বাতিল করতে হচ্ছে ভোটের জন্য।
অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিলের নোটিশটি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, পঞ্চায়েত ভোটের কারণে পুলিশের বিভাগীয় পরীক্ষা যা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। তাঁর মতে, “এটা একাধারে যেমন লজ্জাজনক তেমন উদ্বেগজনক। কারণ, রাজ্য পুলিশ বাহিনীতে কর্মী এতো কম যে তারা একটি বিভাগীয় পরীক্ষা পরিচালনা করতে অক্ষম। যে পরীক্ষার নোটিশ ৪ মাস আগে দেওয়া হয়েছিল।”
Departmental exam, WB Police which was supposed to be held today has been postponed due to Panchayat elections.
It's shameful and alarming how the state police force is highly understaffed, that they are unable to conduct a dept exam for which notice was given 4 Months Back, pic.twitter.com/c9u5Q92kej
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 18, 2023
পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করাতে হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রয়োজন। এই দাবি প্রথম থেকেই করে আসছে বিজেপি নেতৃত্ব। এরপর মনোনয়ন পর্বে ঘটে যাওয়া একাধিক হিংসাত্মক ঘটনার পর তারা সেই দাবিতে আরও বেশি করে সরব হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করতে গিয়ে তাদের বক্তব্য ছিল, রাজ্যে যে সংখ্যায় পুলিশ কর্মী আছে তা দিয়ে এত বড় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এরমধ্যেই পুলিশের এই বিভাগীয় পরীক্ষা স্থগিত করার এই বিজ্ঞপ্তি সেই দাবিকে আরও জোরদার করল বলে মনে করা হচ্ছে। কারণ শুধুমাত্র ভোটের কারণে চার মাস আগে ঘোষিত পরীক্ষা স্থগিত করার এই সিদ্ধান্ত পুলিশ কর্মী কম সংখ্যায় থাকার কারণেই নেওয়া হয়েছে। যা বিজেপির তোলা দাবিকেই মান্যতা দেয় বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত এএসআই পদমর্যাদার অফিসারদের পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে আরক্ষা ভবন। পঞ্চায়েত ভোটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আরক্ষা ভবনের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ই জুলাই রাজ্যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিত করা হলো। ১৮ জুন রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্থগিত করা হলেও কবে সে পরীক্ষা নেওয়া হবে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এক দিনেই রাজ্যে পঞ্চায়েত ভোট করা হবে বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। জুন থেকে মনোনয়ন জমা প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

